লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার নিন্দা জানিয়ে তা বন্ধের দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে হামলায় ক্ষতিগ্রস্ত বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) জোসেফ আউন বলেন, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এবং লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। পাশাপাশি বাস্তুচ্যুত বাসিন্দারা যেন নিরাপদে নিজেদের বাড়িতে ফিরতে পারেন এবং স্বাভাবিক জীবন শুরু করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
লেবাননে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন প্রেসিডেন্ট আউন।
গত মার্চে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে ওই অঞ্চলের বিভিন্ন এলাকা দখল ও বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখনও ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থানে অবস্থান করছেন তারা।