বাজি ফাটালে বিভিন্ন রোগ সেরে যায়, এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তার মতে, বাজি ছাড়া কালীপূজার উৎসব পূর্ণতা পায় না। তবে উৎসবে বাজি পোড়ানোর পক্ষে অবস্থান নিলেও পরিবেশবান্ধব বাজি ব্যবহার এবং শব্দদূষণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার (৯ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের নির্বাচনী এলাকায় একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। সেখানে বক্তব্য দেওয়ার সময় তার সামনেই বিকট শব্দে একটি বাজি ফাটানো হয়।
এরপর বক্তব্যের একপর্যায়ে পাপিয়া বলেন, ‘আপনারা দেখবেন, বাজি ফাটালে নানা রোগ সেরে যাবে।’
তিনি আরও বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা বাজি ফাটাব। বাজি ছাড়া কালীপূজা কীভাবে সম্পূর্ণ হবে? আমরা অবশ্যই বাজি ফাটাব। তবে পুলিশের নির্দেশিকা মেনেই তা করব।
এর আগে আমহার্স্ট স্ট্রিট ও খালিশানি এলাকার পূজামণ্ডপসহ কয়েকটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেও উৎসবে বাজি পোড়ানোর কথা বলেন তিনি।
তবে বাজি ব্যবহারের ক্ষেত্রে পরিবেশবান্ধব বা গ্রিন ক্র্যাকার বেছে নেওয়া এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত বিধিনিষেধ মেনে চলার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।