পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাত পাওয়ায় গত দুই সপ্তাহ ধরে নিজ কার্যালয়ে যেতে পারছেন না চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম। তবে বাংলোতে বসেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। সেবাপ্রত্যাশীদের যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য তাদের বাংলোর কার্যালয়ে আসার অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা। এ বিষয়ে নিজের দাপ্তরিক ফেসবুক আইডিতে একটি পোস্টও দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকালে ‘ইউএনও, মতলব দক্ষিণ, চাঁদপুর’ নামের ফেসবুক আইডি থেকে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের কারণে গত দুই সপ্তাহ ধরে আমি উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তবে আমার বাংলো কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবাগ্রহীতারা নানা বিষয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কোনো সেবা গ্রহণ বা অন্য প্রয়োজনে আমার সঙ্গে সাক্ষাৎ করার দরকার হলে, অনুগ্রহ করে আমার বাংলোর কার্যালয়ে আসবেন। উপজেলা প্রশাসন সব সময় আপনাদের সেবায় নিয়োজিত।’
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ব্যাডমিন্টন খেলতে গিয়ে কে এম ইশমামের ডান গোড়ালির লিগামেন্ট আংশিক ছিঁড়ে যায়। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর থেকে তিনি বাসায় রয়েছেন। তার ডান পায়ে ব্যান্ডেজ করা। চিকিৎসকেরা তাকে ২৮ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে ১৯ অক্টোবর থেকেই বাংলোতে বসে দাপ্তরিক কাজ করছেন তিনি।
বাংলোতে বসেই ফাইলপত্রে সই করার পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে ফোন করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ইউএনও। এ ছাড়া পায়ে ব্যান্ডেজ নিয়েও মাঝেমধ্যে উপজেলা পরিষদের আশপাশের এলাকায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারক করছেন।
ইউএনও কার্যালয় সূত্র আরও জানায়, অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি মতলব পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিও তিনি।
উপজেলা পরিষদ ভবনের পেছনে ইউএনওর বাংলো অবস্থিত। রোববার ও সোমবার বেলা ১১টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, সেবাপ্রত্যাশীদের ভিড় রয়েছে। ইউএনও তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছেন। এর ফাঁকে দাপ্তরিক কাগজপত্রে সই করছেন এবং বিভিন্ন দপ্তরে ফোন করছেন।
সেবাপ্রত্যাশীদের একজন উপজেলার কলাদী এলাকার গৃহবধূ। নাম-পরিচয় প্রকাশ না করে তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ এবং জটিল রোগে আক্রান্ত তিনি। আর্থিক সহায়তার জন্য ইউএনওর কাছে এসেছেন। ইউএনও তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এ জন্য আবেদন জমা দিতে বলেছেন।
মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র সরকার জানান, কলেজের কয়েকটি ফাইল ও ভাউচারে সই করাতে তিনি ইউএনওর কাছে এসেছিলেন। অসুস্থ শরীর নিয়েও ইউএনও তাৎক্ষণিকভাবে সব কাগজে সই করে দিয়েছেন।
মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান বলেন, ‘প্রায় প্রতিদিন পৌরসভার নানা কাজে ইউএনওর কাছে যাই। পায়ে ব্যান্ডেজ নিয়ে, হুইলচেয়ারে বসেও তিনি ধৈর্য নিয়ে পৌরসভার দাপ্তরিক কাজগুলো করে দেন। এটি তার অদম্য মানসিকতার পরিচয়।’
ইউএনও কে এম ইশমাম বলেন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবাপ্রত্যাশীরা তার কাছে আসেন। যাতে কেউ সেবা থেকে বঞ্চিত না হন এবং হয়রানির শিকার না হন, সে জন্য বাংলোতে বসেই দিন-রাত কাজ করছেন তিনি। নৈতিক ও দাপ্তরিক দায়িত্ববোধ থেকেই এ কাজ করছেন। বিষয়টি সবার নজরে আনার জন্য সোমবার এলাকাবাসীর উদ্দেশে ফেসবুকে পোস্ট দিয়েছেন বলেও জানান তিনি।