ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এসময় এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
এদিকে, টিএসসির সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে পরিত্যাক্ত অবস্থায় একটি কালোব্যাগ পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, ব্যাগের ভেতর ককটেল রয়েছে। সেটি শনাক্তের জন্য ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘ককটেল বিস্ফোরণের পর একজনকে আটক করা হয়েছে। এছাড়া টিএসসিতে একটি ব্যাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেটির ভেতর ককটেল রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ব্যাগটি পরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনটিকে খবর দেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলেই ছাত্রদের সহযোগিতায় এবং প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘ব্যাগে উদ্ধারকৃত বস্তু ককটেল সদৃশ বলা হলেও, সেগুলোতে মারাত্মক কোনো বিস্ফোরক বা এক্সক্লুসিভ উপাদান ছিল না, যা দিয়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মূলত রাজনৈতিক প্রভাব বা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই ধরনের বস্তু ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ প্রশাসন, প্রক্টরিয়াল টিম এবং সহকারী প্রক্টরদের নিয়ে কালীমন্দিরসহ আশপাশের এলাকায় বহিরাগতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।’