চট্টগ্রামের রাউজানে দাবি করা ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ‘বিরোধ মীমাংসার’ কথা বলে বাড়ি থেকে ডেকে ইলিয়াস আলী নামের এক প্রবাসী ও তার সঙ্গীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ সময় প্রবাসীর পরিবারের নারী সদস্যসহ অন্যদের ওপরও হামলা চালানো হয়। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। হামলাকারীরা পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী ইলিয়াস আলীর স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
গত রোববার রাত ৯টার দিকে উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাস ধরে সারোয়ার নামের এক ব্যক্তি প্রবাসী ইলিয়াস আলীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রোববার দুপুরে প্রবাসীর পরিবারের এক সদস্যকে মারধর করে অভিযুক্তরা।
পরে সেদিন রাতেই মারধরের সেই বিরোধ মীমাংসার কথা বলে ইলিয়াস আলী ও তার সঙ্গী রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়।
সেখানে আলোচনার একপর্যায়ে অভিযুক্তরা মুঠোফোনে সহযোগীদের ঘটনাস্থলে আসার নির্দেশ দেন। কিছুক্ষণ পর ১০টি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাযোগে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। এরপর তারা অতর্কিতভাবে ইলিয়াস আলী ও রুহুল আমিনের ওপর হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ছুরিকাঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় ইলিয়াস আলীর স্ত্রী, ছেলের স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর ও লাঞ্ছিত করা হয়। পরিবারের এক নারী সদস্যকে শ্লীলতাহানির অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন নিয়ে যায়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে আহতদের চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার ২ নম্বর আসামি এন.এ. বাবুল নামের একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।