বাংলাদেশের স্পিন-সহায়ক উইকেট তৈরির সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদের বিপক্ষেই গেছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ। সিলেট টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
চেজ বলেন, ‘আমরা যেকোনো ধরনের উইকেটের জন্য প্রস্তুত ছিলাম। পেস-সহায়ক উইকেট হলে আমাদের পেসাররা কাজে লাগত, আর স্পিন-সহায়ক হলে স্পিন বিভাগ তো ছিলই। বাংলাদেশ স্পিন সহায়ক উইকেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে, যা শেষ পর্যন্ত তাদের জন্যই উল্টো ফল বয়ে এনেছে। এ কারণে আমরা খুব খুশি।’
দুই টেস্টের সিরিজে দুটিতেই জয়ের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে সিলেটের দ্বিতীয় টেস্টে বৃষ্টির কারণে অনেকটা সময় নষ্ট হওয়ায় সেই লক্ষ্য পূরণ হয়নি। চেজ বলেন, ‘আমরা দুটি ম্যাচই জিততে চেয়েছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। বিশেষ করে খারাপ আবহাওয়ায় অনেকটা সময় নষ্ট হয়েছে। ফলে ম্যাচটি জেতা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।’
বাংলাদেশ সফরের আগে ভারতের চেন্নাইয়ে অনুশীলনকে নিজেদের সাফল্যের অন্যতম কারণ মনে করেন ক্যারিবীয় অধিনায়ক। তিনি বলেন, ‘সাধারণত বাংলাদেশে এলে স্পিনাররা আমাদের বেশ ভোগায়। তবে এবার স্পিন খেলার ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। দলের অনেকেই চেন্নাইয়ে গিয়ে কাছাকাছি কন্ডিশনে অনুশীলন করেছে। প্রচুর স্পিন বোলিংয়ের বিপক্ষে খেলা এবং নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করার অভিজ্ঞতা কাজে দিয়েছে।’