কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।

সোমবার (৯ নভেম্বর) প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় এ শীর্ষ সম্মেলনে তিনি তিনটি প্রধান অগ্রাধিকারের বিষয় জোরালোভাবে বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।

ভিডিও বার্তায় খলিলুর রহমান জানান, তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নিয়ে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রথম অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, ‘প্যারিস চুক্তির আওতায় আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন জ্বালানি, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাস ত্বরান্বিত করার মাধ্যমেই আমরা এই লক্ষ্য অর্জন করতে চাই।’

নিজের দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে ‘জলবায়ু অর্থায়ন’-এর বিষয়টি চিহ্নিত করেন তিনি। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সঙ্গে খাপ খাওয়ানো বা অভিযোজন, দীর্ঘমেয়াদি সহনশীলতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় যাতে আন্তর্জাতিক পর্যায় থেকে সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে সম্মেলনে জোর তাগিদ দেবেন বলে জানান তিনি।

মানবসম্পদ ও উপকূলীয়-স্থানীয় লোকালয় সুরক্ষাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘আমাদের শেষ অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা। আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করা এবং স্থানীয় কমিউনিটি সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবন সুরক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য।’

সফরসূচি অনুযায়ী, জাতিসংঘে দায়িত্ব পালনরত খলিলুর রহমানের যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি তুরস্কে গিয়ে কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।