আদাবরে ৬ পেট্রোলবোমা-গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী রিং রোড এলাকা থেকে ছয়টি পেট্রোলবোমা এবং ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে এসআরবি-২।

সোমবার (৯ নভেম্বর) এসআরবি-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন (২৯) এবং একই জেলার মো. রাশেদ কবির (২৮)।

অভিযানের বিবরণ দিয়ে মেজর এম মুবীন রহমান তাপস জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে কতিপয় ব্যক্তি শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছেন—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-২-এর একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুজনকে আটক করার পর তল্লাশি চালিয়ে তাঁদের হেফাজত থেকে ছয়টি পেট্রোলবোমা ও ৯৫০ গ্রাম গানপাউডার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআরবি-২ জানায়, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি এবং সহিংস নাশকতা চালাতেই তাঁরা বিস্ফোরক দ্রব্যগুলো নিয়ে সেখানে অবস্থান নিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

মেজর মুবীন রহমান আরও জানান, গ্রেপ্তার মাহবুব হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় হত্যাচেষ্টা, দাঙ্গা-হাঙ্গামা, গুরুতর জখম ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলছে।