মিরপুরে হকারমুক্ত ফুটপাতে স্বস্তি, গুলিস্তানে সড়ক দখল

কোথাও পসরা সাজিয়ে বসা দোকান, কোথাও খাবারের স্টল, আবার কোথাও নানা পণ্যের অস্থায়ী বাজার। রাজধানীর ব্যস্ত সড়কগুলোর পাশে ফুটপাতের নিয়মিত চিত্র এটি। তবে সেই চেনা দৃশ্য এখন বদলাতে শুরু করেছে। বিশেষ করে উত্তর সিটি করপোরেশনের মিরপুর এলাকায় উচ্ছেদের মাধ্যমে ব্যস্ত সড়কগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি, তৈরি হচ্ছে পরিচ্ছন্ন ও সবুজ নগরীর নতুন আবহ। দক্ষিণে কিছু এলাকায় হকারমুক্ত হলেও এখনো গুলিস্তানে হকারদের বসতে দেখা গেছে।

রাজধানীর মিরপুর এলাকার চিত্র বেশি পরিবর্তন দৃশ্যমান। বিশেষ করে মিরপুর-১-এর শাহ আলী মার্কেট, সনি সিনেমা হলের মোড়, মুক্তবাংলা মার্কেট, পাইকপাড়া ও বাঙলা কলেজ এলাকা থেকে মিরপুর-২-এর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন এলাকা এবং মিরপুর-১০ গোলচত্বর পর্যন্ত বিভিন্ন স্থানের ফুটপাত হকারমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মিরপুর-১০ ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের ফুটপাত, ফলপট্টি, শাহ আলী প্লাজা, আনোয়ার ম্যানশন, কাজীপাড়া, পর্বতা, শেওড়াপাড়া ও হারমান মেইনার স্কুলের সামনের ফুটপাতও এখন পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত।

সম্প্রতি এসব এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাত জুড়ে আগের মতো হকারদের হাঁকডাক নেই, নেই দোকানপাটের ভিড়। পথচারীরা নির্বিঘ্নে ফুটপাত ধরে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। অনেক জায়গায় ফুটপাতের পাশে গাছ লাগিয়ে নতুন করে দখল ঠেকানোর ব্যবস্থাও করা হয়েছে। দীর্ঘদিন পর ফুটপাত ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন পথচারীরা। তাদের কাছে দখলমুক্ত এসব ফুটপাত যেন এক নতুন নগর অভিজ্ঞতা। সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সিটি করপোরেশনের প্রশাসক পর্যন্ত ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে যে দৃঢ় অবস্থান নিয়েছেন, মিরপুরের এই পরিবর্তন তারই বাস্তব প্রতিফলন। নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ এখন দুই সিটি করপোরেশনেই গুরুত্ব পাচ্ছে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না। তিনি বলেন, 'আমরা বাধ্য হয়েই ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করেছি। আজকের এই পরিস্থিতির জন্য কিছু সিন্ডিকেট ও হকাররা নিজেরাই দায়ী। কেননা তারা ফুটপাত ছেড়ে রাস্তা পর্যন্ত দখল করে রেখেছিল, যেখানে সাধারণ জনগণের হাঁটার কোনো পথ ছিল না। সাধারণ জনগণ জানতেই পারত না, যে তাদের জন্য ফুটপাত ছিল।

শুধু উত্তর সিটি নয়, রাজধানীর দক্ষিণ অংশেও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নগরীর পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মতিঝিল, নিউমার্কেট, মৎস্য ভবন ও সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকার সড়কসংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে সড়কের মিডিয়ান, সড়কদ্বীপ ও বিভিন্ন চত্বরে ফুলের গাছসহ নানা প্রজাতির বৃক্ষরোপণ করা হচ্ছে। সম্প্রতি নীলক্ষেত মোড়সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেটসংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত এবং প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত মূল সড়ক সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে। উচ্ছেদের পর এসব স্থান পুনরায় দখল ঠেকানো এবং এলাকার সৌন্দর্য বাড়াতে সাময়িকভাবে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন গাছের টব স্থাপন করা হয়েছে। তবে গুলিস্তান এলাকায় এখনো হকার বসতে দেখা গেছে।

চ্ছেদ করার পরেও তারা আবার এসে বসছে। গুলিস্তান থেকে হকার সরাতে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে বার বারই বাধার সম্মুখীন হতে হয়।

দক্ষিণ সিটির সংস্থাটির তথ্য অনুযায়ী, বিভিন্ন সড়ক, চত্বর, খেলার মাঠ, পার্ক, উদ্যান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংসদীয় আসনে মোট ২ লাখ ৩০ হাজার ১২০টি গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে নগরীর ৪০ কিলোমিটার সড়ক মিডিয়ানের মধ্যে ৩১ কিলোমিটার এলাকায় রোপণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার গাছ। দুই কিলোমিটার চত্বরের মধ্যে ১ দশমিক ৩ কিলোমিটার এলাকায় লাগানো হয়েছে ৮ হাজার গাছ। এছাড়া দেড় কিলোমিটার সড়কদ্বীপের মধ্যে ১ দশমিক ১৭ কিলোমিটার এলাকায় রোপণ করা হয়েছে ২ হাজার ৩০০টি গাছ। এসব স্থানে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে। নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ ও সীমানাপ্রাচীর সংস্কার করা হয়েছে। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ফুটপাতের সীমানাপ্রাচীরে স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি। ফলে ফুটপাতটি শুধু চলাচলের উপযোগীই হয়নি, পেয়েছে সাংস্কৃতিক আবহও।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, নগরীর পরিবেশ উন্নয়ন, পথচারীবান্ধব নগর গড়ে তোলা এবং নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, অবৈধ ফুটপাত দখলের পক্ষে যতই যুক্তি বা অজুহাত দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। বারবার অভিযানের পরও হকাররা কীভাবে আবার ফুটপাতে ফিরে আসে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেফতার করা হবে।