দেশে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, 2026 সালের অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ । তবে মাসওয়ারি কমলেও গত বছরের একই মাসের (অক্টোবর ২০২৫) তুলনায় সার্বিক মূল্যস্ফীতি এখনো কিছুটা বেশি রয়েছে। গত বছরের ঐ মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ । সোমবার বিবিএসের প্রকাশিত তথ্যে দেখা যায়, গত অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতিতে বেশ কিছুটা স্বস্তি এসেছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট কমেছে।
খাদ্য মূল্যস্ফীতি কমলেও বিপরীত চিত্র দেখা গেছে খাদ্যবহির্ভূত খাতে। অক্টোবর মাসে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৯ দশমিক ৩০ শতাংশ । ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট । এদিকে বছরওয়ারি তুলনায় দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। চলতি বছরের অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট।
বিএিসসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গ্রাম ও শহর—দুই জায়গাতেই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। গ্রামে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ১৮ শতাংশ ।
শহরাঞ্চলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪২ শতাংশ হয়েছে, যা আগের মাসে ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে উঠেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ। এদিকে দীর্ঘ সময়ের গড় হিসাবেও মূল্যস্ফীতি কমেছে। বিবিএসের হিসেবে, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশে। আগের ১২ মাসে এ হার ছিল ৯ দশমিক ২২ শতাংশ। তবে মূল্যস্ফীতির তুলনায় মানুষের আয় বাড়ছে কম হারে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০১ শতাংশ। অর্থাৎ মজুরি বাড়ার গতিও কমেছে।