বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের ভেতরের রেললাইনে টায়ারে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ইয়াসিন মার্কেট এলাকায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা চালাচ্ছিলেন কয়েকজন যুবক। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ধাওয়া দিয়ে আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল ও অর্থ সম্পাদক নির্জনকে হাতেনাতে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন কৌশলে পালিয়ে যায়।
আটকের পর দুজনকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং পরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দলের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করে শিক্ষার্থীরা। তাদের মধ্যে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আটক দুজন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়া গেছে। প্রক্টরিয়াল প্রক্রিয়ার মাধ্যমে তাদের থানায় সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।