অ্যানফিল্ডে নিজের সফল ক্যারিয়ার আরও দীর্ঘ করতে চলতি মৌসুমের পরও লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ২০১৮ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেকার।
৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গোলরক্ষক লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৩৪৭টি ম্যাচ খেলেছেন। জিতেছেন সাতটি বড় শিরোপা।
চলতি মৌসুমের শেষে লিভারপুলের সঙ্গে বেকারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। অন্য ক্লাবে যাওয়ার গুঞ্জন থাকলেও নতুন চুক্তির মাধ্যমে মার্সিসাইডে থাকার সময় বাড়াতে চান তিনি।
রোববার (৮ নভেম্বর) প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারানোর পর অ্যালিসন বলেন, ‘হ্যাঁ, আমার ইচ্ছা এই ক্লাবেই থাকার। প্রতিটি ম্যাচ খেলার দিকেই আমার মনোযোগ। মনে মনে আমি এখানে থাকতে পেরে খুশি। যদিও এটি বেশ কিছু বিষয় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে আমার ইচ্ছা থেকে যাওয়ার। এখানে আমি খুশি, আমার পরিবারও খুশি।’
অ্যালিসন বলেন, ‘এখনো শিরোপা জয়ের ক্ষুধা আমার রয়েছে। ভালো পারফরম্যান্স উপহার দিতে চাই। যত দিন সম্ভব সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই। এটাই আমার ভাবনা।’
সম্প্রতি লিভারপুলের কোচ আন্দোনি ইরাওলা আশা প্রকাশ করেছেন গোলরক্ষক অ্যালিসন আরও দীর্ঘ সময় তার দলের সঙ্গে থাকবেন। গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার পর অ্যালিসন জানান, ‘আমার এজেন্ট ক্লাবের সঙ্গে আলোচনা করছেন।’
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজের গুরুত্ব আবারও প্রমাণ করেছেন অ্যালিসন। তবে তার নির্ভরযোগ্য বিকল্প হিসেবে জর্জি মামারদাশভিলি অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি আগামী বছর জেঙ্ক থেকে তরুণ গোলরক্ষক লুকা ব্রুগম্যান্সেরও লিভারপুলে যোগ দেওয়ার কথা রয়েছে।
মৌসুমের শুরুতে লিভারপুলের ধারাবাহিকতার অভাব নিয়ে অ্যালিসন বলেন, বাস্তবতা হলো, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। এখনো ধারাবাহিকতা আসেনি।
তিনি আরও বলেন, ‘আমাদের একজন সেরা কোচ আছেন, সেরা খেলোয়াড়রাও আছেন। অসাধারণ কিছু করার সামর্থ্য আমাদের রয়েছে। তবে দল হিসেবে এমন একটি পর্যায়ে পৌঁছাতে হবে, যেখানে আমরা অনুভব করব এখন আমরা ঠিক আছি, আমাদের আত্মবিশ্বাস আছে এবং জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই আমাদের রয়েছে।’