ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নারীর সংখ্যা দ্বিগুণ

ঝিনাইদহে গত তিন মাসে আত্মহত্যা করেছেন ৯০ জন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৬০ জন নারী। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গলায় ফাঁস ও বিষপানে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মহেশপুর আরডিসির এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তিন মাসে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলায়। এ উপজেলায় ২৬ জন আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও ২১ জন নারী।

দ্বিতীয় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা। সেখানে আত্মহত্যা করেছেন ২১ জন। তাদের মধ্যে সাতজন পুরুষ ও ১৪ জন নারী। তৃতীয় অবস্থানে থাকা মহেশপুর উপজেলায় আত্মহত্যা করেছেন ১৪ জন। তাদের মধ্যে পুরুষ ও নারী সাতজন করে।

এ ছাড়া হরিণাকুণ্ডু উপজেলায় ১২ জন (পুরুষ ৪, নারী ৮), কালীগঞ্জে ১১ জন (পুরুষ ৫, নারী ৬) এবং কোটচাঁদপুরে (পুরুষ ২ ও নারী ৪) মোট ৬ জন আত্মহত্যা করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, নারীরা তুলনামূলক বেশি আবেগপ্রবণ হওয়ায় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি হতে পারে। মাদকাসক্তি, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা ও পরকীয়াসহ নানা কারণে আত্মহত্যার ঘটনা ঘটে। এ ছাড়া শিক্ষার হার কম এবং বাল্যবিবাহের হার বেশি হওয়াও এ প্রবণতার পেছনে ভূমিকা রাখতে পারে।

ঝিনাইদহের স্থানীয় মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়।

তিনি আরও জানান, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ের সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।