সিলেটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আটক এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম জাকারিয়া মাহমুদ। তিনি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, জাকারিয়া মাহমুদসহ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ সুপার বলেন, সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। পরে তাকে থানায় নেওয়ার পথে হরিপুর বাজার পেরিয়ে পরিচের ব্রিজ এলাকায় কয়েকজন সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়াকে ছিনিয়ে নিয়ে যান।