রামেক পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ছাত্রলীগের সাবেক দুই নেতা অবরুদ্ধ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের রামেক শাখা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধ হওয়া দুজন হলেন—রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

জানা গেছে, হাসপাতাল পরিচালকের কার্যালয়ে ওই দুই সাবেক নেতার উপস্থিতির খবর পেয়ে শিক্ষার্থী ও চিকিৎসকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাদের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে ছাত্রলীগকে মদদ দিচ্ছে—এমন অভিযোগে এরপর তারা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।

এ ঘটনার পর থেকে হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন।