যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন হয়েছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দাম বাড়ার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় মঙ্গলবার (১০ নভেম্বর) স্বর্ণের দাম কিছুটা কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার নীতির ভবিষ্যৎ গতিপথ নিয়ে অনিশ্চয়তাও বাজারে প্রভাব ফেলেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ১২৪ ডলার ৪২ সেন্টে দাঁড়ায়। তবে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৩ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা বলেন, বর্তমানে স্বর্ণের বাজারে কিছুটা ওঠানামা চলছে। আগের কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বাজারে দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দর কিছুটা কমেছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন করে না বাড়ানোর অবস্থানে থাকলে এবং এর প্রভাবে জ্বালানি তেলের দাম কমতে থাকলে তা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, তেলের দামের পরিবর্তন ডলারের মূল্য, মূল্যস্ফীতি এবং সুদহারসংক্রান্ত প্রত্যাশার ওপর প্রভাব ফেলে।
এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত রাখবেন তিনি। কাতারের প্রধানমন্ত্রীসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা হোয়াইট হাউসে আলোচনার সময় তাঁকে এ বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন। এর প্রভাবে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। আগের কার্যদিবসেও তেলের দামে পতন হয়েছিল।
এদিকে রিচমন্ড ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট টম বারকিন সোমবার বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতার সঙ্গে মুদ্রানীতি পরিচালনা করা উচিত। তাঁর মতে, বর্তমানে মূল্যস্ফীতিই সবচেয়ে বড় ঝুঁকি। তবে আগামী ডিসেম্বরে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদহার নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেননি তিনি।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের লেনদেনকারীরা ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর সম্ভাবনা ৮৪ শতাংশ বলে ধারণা করছেন। সুদহার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমতে পারে।
এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্যের দিকে। মঙ্গলবার দেশটির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রকাশের কথা রয়েছে। এরপর শুক্রবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচক (পিপিআই)। এসব তথ্য থেকে দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতি এবং ফেডের ভবিষ্যৎ সুদহার নীতি সম্পর্কে ধারণা পাওয়ার অপেক্ষায় রয়েছেন বাজারসংশ্লিষ্টরা।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। মঙ্গলবার স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ ডলার ২২ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৭৭ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৯ ডলারে নেমেছে।
সূত্র: রয়টার্স