রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দীর্ঘ চার মাস ধরে মাসিক ১০ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজার এলাকায় ‘মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি দোকানে চাঁদা নিতে গেলে তাকে আটক করা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক সাইদুর রহমান খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়া গ্রামের মোহাম্মদ বাদশা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক সাইদুর নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই দোকান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন। মঙ্গলবার আবারও টাকা নিতে গেলে দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি চন্দ্রঘোনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে ওই ব্যক্তিকে ভুয়া এনএসআই সদস্য হিসেবে শনাক্ত করে আটক করে থানায় নিয়ে যায়।
চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের জানান, আটক সাইদুর রহমানের বাবার নাম মোহাম্মদ বাদশা মিয়া এবং মাতার নাম মোছা. ছকিনা বেগম। তার বর্তমান ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোজারহাট এবং স্থায়ী ঠিকানা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়া। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।