পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়া এবং সেগুলোর পরিচালনায় সরকারি অর্থ অপচয়ের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের নামের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়েছে। কমিটির বৈঠকে বিমানের আর্থিক ব্যবস্থাপনা, বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ কেনা ও পরিচালনায় অনিয়ম এবং রাজস্ব আদায়ে দুর্বলতাসহ একাধিক বিষয় পর্যালোচনা করা হয়।

বৈঠকে আলোচনায় আসে, বিমানের নিজস্ব ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও ১৫ বছর বয়সী দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষ হওয়ার পর কিনে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে উড়োজাহাজ দুটি পরিচালনা ও সংশ্লিষ্ট কার্যক্রমেও বিপুল অর্থ ব্যয় হয়েছে। সংসদীয় কমিটি এ ঘটনায় সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে লিজসংক্রান্ত চুক্তি ও বিলের সব নথি আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে জমা দিতে বলা হয়েছে।

বিমানের রাজস্ব ব্যবস্থাপনায় প্রযুক্তিগত দুর্বলতার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে বড় অঙ্কের রাজস্ব ক্ষতির তথ্য অডিটে উঠে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটে ইকোনমি ক্লাসের যাত্রীদের বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও সেই অর্থ বিমানের হিসাব ব্যবস্থায় জমা হয়নি বলে অডিটে উল্লেখ করা হয়েছে। এ ধরনের অনিয়ম শনাক্ত ও প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু করেছে। এর অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত নিরীক্ষকদের সরবরাহের নির্দেশ দিয়েছে কমিটি।

অন্যদিকে, যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট চালু রাখার কারণে বিমানের আর্থিক ক্ষতির বিষয়টিও পর্যালোচনা করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড সিদ্ধান্তের নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাবসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে বিমানের চুক্তি নিয়েও প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি। চুক্তি অনুযায়ী নির্ধারিত সব সেবা সরবরাহ করা না হলেও প্রতিষ্ঠানটিকে পুরো অর্থ পরিশোধ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কোভিড মহামারির সময় ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগও পর্যালোচনায় আসে। এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত এক মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি।

বিমানের দীর্ঘদিনের অমীমাংসিত অডিট আপত্তির পরিমাণও বৈঠকে তুলে ধরা হয়। ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত রয়েছে। এ ছাড়া অডিটে অর্থ আদায়ের নির্দেশনা দেওয়া ৪৫টি আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তিতে অর্থ আদায়ের দাবি করলেও তার পক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেনি। ফলে অডিট বিভাগ ওই দাবিগুলো গ্রহণ করেনি।

এসব অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ি অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি জানিয়ে সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনাসহ এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, বকেয়া রাজস্ব আদায় এবং অনিয়মে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন।