ইসরায়েলের বিমানবন্দরে রুশ বিমানের রহস্যময় অবতরণ, ভেতরে ছিলেন গোয়েন্দাপ্রধান

ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে রাশিয়ার একটি সামরিক বিমান। তবে বিমানটির যাত্রীদের পরিচয় সামনে আসার পর ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম কেএএনের দাবি, বিমানটিতে ছিলেন রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগর কোস্তিউকভসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

মঙ্গলবার (১০ নভেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রোববার রাতে মস্কোর কাছে চকালোভস্কি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে টুপোলেভ টিইউ-১৫৪ মডেলের বিমানটি। স্থানীয় সময় রাত ৯টার দিকে এটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। সোমবার বিমানটি আবুধাবির উদ্দেশে ইসরায়েল ছেড়ে যায়।

কেএএন এক বিদেশি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে রুশ প্রতিনিধিদল দেশটিতে গিয়েছিল। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের উদ্যোগে একটি শান্তি সম্মেলন হওয়ার কথা রয়েছে। রুশ বিমানটির ইসরায়েল সফর এবং পরবর্তী গন্তব্য আবুধাবি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

তবে এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইসরায়েলে নিযুক্ত রুশ দূতাবাস কোনো মন্তব্য করেনি। আবুধাবির পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কেএএনের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের রুশ সামরিক বিমানের ইসরায়েলে অবতরণের ঘটনা বিরল। ফলে বিমানটির সফরের উদ্দেশ্য ও যাত্রীদের পরিচয় নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি