বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক অনিয়ম ও ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্ন প্রণয়ন, মুদ্রণ ও সংরক্ষণের প্রতিটি ধাপে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি চালু করা হয়েছে ফেসলক প্রযুক্তি। এখন থেকে প্রশ্নপত্র ছাপানো হচ্ছে কমিশনের নিজস্ব ডিজিটাল প্রেসে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে পিএসসির এসব উদ্যোগের কথা জানানো হয়। মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আব্দুল বারী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

লাখ লাখ শিক্ষিত ও বেকার তরুণের স্বপ্ন রক্ষায় বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষাকে প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখতে কমিশন কী ধরনের দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছিলেন সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। এর জবাবে পিএসসির গৃহীত নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতের বিভিন্ন উদ্যোগের বিবরণ দেন আব্দুল বারী।

প্রশ্নপত্র সংরক্ষণের নিরাপত্তায় ভল্টরুম আধুনিকায়ন করে সেখানে ফেসলক ব্যবস্থা চালু করা হয়েছে। এখন কেবল সংশ্লিষ্ট সদস্য ও মনোনীত কর্মকর্তারাই এই প্রযুক্তির মাধ্যমে ভল্টরুমে প্রবেশ করতে পারেন। ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি ভল্টরুমের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

প্রশ্নপত্র মুদ্রণের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে বিসিএসের প্রশ্ন বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপানো হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসেই এ কাজ সম্পন্ন হচ্ছে। মুদ্রণ কার্যক্রমের সঙ্গে যুক্ত সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের কাজ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেসের ভেতরেই থাকতে হয়। এ সময়ে তাদের কাছে বাইরের সঙ্গে যোগাযোগের কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস থাকে না। পুরো প্রক্রিয়াটি সরাসরি তদারক করেন পিএসসি চেয়ারম্যান।

প্রশ্ন প্রণয়নের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে প্রশ্নকর্তারা নিজেদের বাসায় প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। এখন তাদের পিএসসিতে উপস্থিত হয়ে নির্ধারিত গোপনীয় কক্ষে প্রশ্ন তৈরি করতে হয়। কাজ শেষে প্রশ্নপত্র সিলগালা করে সরাসরি সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেওয়া হয় এবং একই দিন তা ভল্টে সংরক্ষণ করা হয়। প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জনের কক্ষগুলোতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।

লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা বাড়াতে চালু করা হয়েছে সার্কুলার পদ্ধতি। এর আওতায় পরীক্ষকেরা উত্তরপত্র বাসায় নিয়ে যেতে পারেন না; কমিশনে উপস্থিত হয়ে দলগতভাবে খাতা মূল্যায়ন করতে হয়। অন্যদিকে আবেদন গ্রহণ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলও ওএমআর মেশিনের মাধ্যমে প্রস্তুত করা হয়, যাতে ফলাফল তৈরির ক্ষেত্রে অনিয়মের সুযোগ না থাকে।

মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষার্থী ও বোর্ড নির্ধারণের প্রক্রিয়ায় গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। ভাইভা শুরুর মাত্র ৩০ মিনিট আগে ঠিক করা হয়, কোন প্রার্থী কোন বোর্ডে অংশ নেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন। আগে থেকে এ তথ্য জানার সুযোগ না থাকায় মৌখিক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে সংসদে জানানো হয়।