জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা ৩ মিনিটে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম (Dr. Serdar Çam)। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া সফরসঙ্গী ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তালিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। পথে তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতি করেন তিনি। পরে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান।
বুধবার বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন তিনি।