পেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি পেল বিএসটিআই

পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর পশ্চিম কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনকে ৫ লাখ টাকা জরিমানা এবং ৩টি ডিসপেন্সিং ইউনিট সিলগালা বা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির দুটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের বিভিন্ন নজেল পরীক্ষা করে প্রতি ১০ লিটার জ্বালানিতে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার সত্যতা মেলে।

জ্বালানি তেল পরিমাপে এ ধরনের প্রতারণার দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী এই জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট ইউনিটগুলো বন্ধ করে দেওয়া হয়। বিএসটিআই জানিয়েছে, ভোক্তা স্বার্থবিরোধী এমন কর্মকাণ্ড রোধে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।