ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে জি-৭-এ কাতারের প্রধানমন্ত্রীর বার্তা

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানাতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে উপসাগরীয় অঞ্চলের এই অবস্থান তুলে ধরবেন তিনি।

ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জার্মানির প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন কাতারের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে আলোচিত বিষয়গুলোও তাদের অবহিত করবেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আলজাজিরার সাংবাদিক রেবেকা কলার্ড প্যারিস থেকে জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য ছিল জি-৭ সদস্যদেশগুলোর কাছে উপসাগরীয় দেশগুলোর অবস্থান স্পষ্ট করা। বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের বিস্তার রোধ এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিতে চান তিনি।

মধ্যবর্তী নির্বাচনের পর এটিই ছিল ট্রাম্পের কোনো বিদেশি নেতার সঙ্গে প্রথম বৈঠক। ফলে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মার্কিন প্রেসিডেন্ট কী বার্তা দেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ ছিল।

বৈঠক শেষে ট্রাম্পের বক্তব্যে আগের তুলনায় কিছুটা নমনীয় সুর দেখা গেছে বলে উল্লেখ করেন রেবেকা কলার্ড। তার মতে, জি-৭-এর অংশীদার দেশগুলোও এমন বক্তব্য শুনতে আগ্রহী ছিল।

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার প্রভাব শুধু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলেও এর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব পড়ছে। এ কারণে উত্তেজনা কমানোর বিষয়ে কাতারের বার্তা জি-৭ দেশগুলোর কাছেও গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।