জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়িয়ে যাওয়া এক সংসদ সদস্যকে থামিয়ে রসিকতা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তার তাৎক্ষণিক মন্তব্যে সংসদ কক্ষে হাস্যরসের পরিবেশ তৈরি হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতে এ ঘটনা ঘটে।
অধিবেশনের শুরুতে বক্তব্য দিতে দাঁড়ান সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ সময় তাকে থামিয়ে স্পিকার বলেন, ‘শুধু আপনাদের আসসালামু আলাইকুম দিলাম। এর মধ্যেই তো আপনি একটা হাত তুলে দিলেন। ওয়ালাইকুম সালাম শোনার আগেই তো আপনি একটা হাত তুলে দিলেন।’
ওই সংসদ সদস্য একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওর বিষয়টি তুলে ধরে সংসদীয় স্থায়ী কমিটিকে হেয় করার অভিযোগ করেন। তার বক্তব্য অনুযায়ী, ভিডিওতে বলা হয়েছে, সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ছাড়া মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তবে কমিটির সুপারিশ মন্ত্রণালয় গ্রহণ করতেও পারে, নাও পারে—এমন বক্তব্যের মাধ্যমে কমিটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছোট করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ধরনের প্রচারণার পেছনে সংসদ ভবনের ভেতরে বা বাইরে কোনো প্রভাবশালী মহলের ইন্ধন থাকতে পারে বলেও অভিযোগ করেন ওই সদস্য। সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যমটির বৈধ নিবন্ধন নেই উল্লেখ করে তিনি বলেন, আগে অন্য কেউ এটি পরিচালনা করলেও বর্তমানে এর পেছনে সংসদের ভেতরের কেউ জড়িত থাকতে পারেন। বিষয়টি মন্ত্রণালয়ের সচিবকে জানানোর পাশাপাশি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত কমিটি গঠন ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
জবাবে স্পিকার সংসদে কোনো বিষয় উত্থাপনের ক্ষেত্রে নির্ধারিত বিধি ও সংসদীয় শিষ্টাচার অনুসরণের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে হলে প্রথমে দাঁড়িয়ে কোন বিধির আওতায় বিষয়টি উত্থাপন করা হচ্ছে, তা স্পষ্ট করতে হয়। সাধারণত দিনের কার্যসূচির একটি অংশ শেষ হয়ে পরবর্তী অংশ শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে।
স্পিকার বলেন, অধিবেশন তখনো আনুষ্ঠানিকভাবে শুরুই হয়নি; তিনি কেবল সদস্যদের সালাম জানিয়েছেন। তাই নির্ধারিত সময়ের আগে বিষয়টি উত্থাপন না করে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর সংসদীয় বিধি মেনে আবারও তা উপস্থাপনের পরামর্শ দেন তিনি। সে সময় নিয়ম অনুযায়ী বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্পিকার।