হুইপ ‘সতর্ক’ করার পর হবিগঞ্জে বাউল গানের আসর বন্ধ করল পুলিশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে পুলিশ। উপজেলার পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার (৯ নভেম্বর) রাতে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সাংস্কৃতিক সন্ধ্যার’ আয়োজনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘স্থানীয়রা এসব অনুষ্ঠান নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ জানিয়েছেন। এ ছাড়া এসব অনুষ্ঠানে অসামাজিক কার্যকলাপ চলে এবং মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয় বলেও অভিযোগ রয়েছে।’

ওসি আবুল কালাম বলেন, ‘বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হলে পুলিশ সুপার এ ধরনের অনুষ্ঠানের বিষয়ে আপত্তি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ দেন।’

এদিকে, হবিগঞ্জে বাউল গান ও গ্রাম্য গান-বাজনার আয়োজন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। ওরস, গান, বাণিজ্য মেলা ও শিল্প মেলার নামে অশ্লীলতা ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

ওসি বলেন, ‘হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ জেলাজুড়ে এ ধরনের সঙ্গীতানুষ্ঠান ও গ্রামীণ গানের আসর আয়োজনের বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।’

এর আগে গত রোববার কমিটির মাসিক সভায় জি কে গউছ বলেন, ‘শীত মৌসুমে ঝড়-বৃষ্টি নাই, আমাদের এই অঞ্চলে ধর্ম-কর্ম হয়। ওয়াজ, তাফসির এগুলা বেশি হবে। কোনো কারণেই এগুলা কেন্দ্র করে যাতে সমাজে কোনো উত্তেজনা সৃষ্টি না করে। ধর্মীয় কোনো অপব্যাখ্যা যাতে না দেয়। এটা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যাদের অথরিটি, এটা অবশ্যই মনে রাখবেন।’

তিনি আরও বলেন, ‘আর গ্রাম্য গান-বাজনা আমরা এলাকার মানুষ পছন্দ করে না। এটা একদম টোটালি অনুরোধ করব যে, আস্ত জেলা হলে ভালো। অন্তত যে এলাকার মানুষ সোয়া চার লাখ ভোটার আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানাইছে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এটা-সেটা, কী বলে, ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন আমরা না শুনি। যেখানে কোনো তরুণরা গেছে, মারামারি করছে, কোনো খারাপ চলছে, এমনটা যাতে না হয়, এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে।’

এ বিষয়ে জানতে হুইপ জি কে গউছ ও হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) তারেক মাহমুদকে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।