সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিন পেলেও তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রয়েছে। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ সংক্রান্ত বিচারিক প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দেশটি ত্যাগ করতে পারবেন না।

মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীনে গৃহীত এক প্রস্তাবের জবাবে সংসদকে এ তথ্য অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের বিগত অধিবেশনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সর্বসম্মত একটি প্রস্তাব গৃহীত হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সরাসরি জনস্বার্থের সঙ্গে জড়িত। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বেনজীর আহমেদ আদালত থেকে জামিনে মুক্ত হলেও তার ওপর ভ্রমণনিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি আরব আমিরাতের বাইরে যেতে পারছেন না।

সংসদকে প্রক্রিয়ার বিস্তারিত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তদন্তকারী সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাই শেষে ইন্টারপোল গত বছরের ১১ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। পরবর্তীতে ২০২৬ সালের ১২ জুন ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) আবুধাবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায় যে বেনজীর আহমেদ সে দেশে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে তাকে ফেরত আনার জন্য ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জানানোর আহ্বান জানানো হয়। বাংলাদেশ সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে মাত্র চার দিনের মধ্যে প্রয়োজনীয় প্রত্যর্পণ অনুরোধ পাঠায় এবং পরবর্তীতে আমিরাত কর্তৃপক্ষের চাহিদামতো অতিরিক্ত তথ্যপ্রমাণাদিও সরবরাহ করে।

দুবাইয়ের আদালতে জামিন পাওয়ার প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, জামিন পাওয়া মানেই প্রত্যর্পণ প্রক্রিয়ার সমাপ্তি নয়। প্রত্যর্পণ কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা নয়; এটি সংশ্লিষ্ট দেশের বিচারিক ও সার্বভৌম আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। সেখানে স্থানীয় আদালত ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ অপরাধের প্রকৃতি, পরোয়ানা এবং সমস্ত তথ্যপ্রমাণ চুলচেরা বিশ্লেষণ করে রায় দেয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ সময়মতো সব নথি পাঠিয়েছে, সেখানে স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং নিয়মিত সমন্বয় রক্ষা করে চলেছে। ফলে এ ঘটনাকে সরকারের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা হিসেবে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট দেশের সার্বভৌম আইনের প্রতি সম্মান রেখেই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক, আইনি ও পুলিশি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

এদিকে বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি পৃথক মামলার বিষয়েও সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে এবং মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা অবৈধ সম্পদের সন্ধান, অবরুদ্ধকরণ ও বাজেয়াপ্তের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোতে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (এমএলএআর) পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও রেকর্ডপত্র হাতে আসামাত্রই আন্তর্জাতিক আইনি কাঠামোর অধীনে সেই সম্পদ পুনরুদ্ধারের আইনি প্রক্রিয়া শুরু করা হবে।