দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় প্রকৃত সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকার দোহারের মো. আলমাস। এক বছরেরও বেশি সময় কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. তানভীর আহমেদ ও পরিবারের সদস্যরা।
এর আগে গত ৮ নভেম্বর এক রিট আবেদনের শুনানি নিয়ে আলমাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ এ আদেশ দেন।
আলমাসের আইনজীবী তানভীর আহমেদ জানান, ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে এক বছরের বেশি সময় কারাভোগের ঘটনায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সে বিষয়ে আদালত ইতিমধ্যে রুল জারি করেছেন। বিষয়টি এখনো বিচারাধীন। পরবর্তী সময়ে ক্ষতিপূরণের বিষয়টি আদালতের নজরে আনা হবে।
আদালত সূত্রে জানা গেছে, প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে নামের মিলের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি তুলে কারাগারে থাকা অবস্থায় হাইকোর্টে রিট করেন আলমাস। গত ৬ সেপ্টেম্বর রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ ঘটনায় রুল জারির পাশাপাশি তদন্তের নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তদন্ত শেষে আদালতে দেওয়া প্রতিবেদনে নিশ্চিত করা হয়, কারাগারে থাকা আলমাস ২০০২ সালের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। ওই মামলায় প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
প্রতিবেদনে ভুল গ্রেপ্তারের পেছনে তিনটি কারণ চিহ্নিত করা হয়েছে। প্রথমত, গ্রেপ্তার হওয়া আলমাস ২০০৭ সালের আগে সপরিবারে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ বাহ্রা ডাকঘরের অধীন বাহ্রা গ্রামে বসবাস করতেন। অন্যদিকে প্রকৃত আসামির গ্রাম পূর্ব ধোয়াইরও একই ডাকঘরের আওতাভুক্ত। ফলে ডাকঘরের পরিচয়ের কারণে দুজনের ঠিকানায় মিল তৈরি হয়।
দ্বিতীয়ত, তাদের বাবার নামেও সাদৃশ্য ছিল। প্রকৃত আসামি মো. আলমাছের বাবার নাম মো. খলিলুর রহমান। আর গ্রেপ্তার হওয়া আলমাসের বাবার নাম শেখ খলিল। তৃতীয়ত, ২০০২ সালের অস্ত্র মামলার নথিতে প্রকৃত আসামির ঠিকানা পূর্ব ধোয়াইরের পরিবর্তে ভুল করে দক্ষিণ বাহ্রা লেখা হয়েছিল। রায় ও গ্রেপ্তারি পরোয়ানাতেও সেই ভুল ঠিকানা বহাল থাকে।
মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ১০ এপ্রিল রাজধানীর মিরপুর থানায় মো. আলমাছ ও মো. নাজমুল আলম মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। ২০০৪ সালের ১৯ জুন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১১ এ মামলার রায় দেন। রায়ে আলমাছকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর আসামি নাজমুল খালাস পান।
রায় ঘোষণার সময় আলমাছ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চে ইস্যু করা সেই পরোয়ানার ভিত্তিতে একই বছরের ৪ নভেম্বর আলমাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে এক বছরেরও বেশি সময় তাকে কারাবন্দি থাকতে হয়।
হাইকোর্টে আলমাসের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।
এদিকে, ২০২৫ সালের ৮ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘দোহারে নামের মিল থাকায় ভুল আসামি কারাগারে’ এবং একই বছরের ২২ ডিসেম্বর ‘আসামির সঙ্গে নামের মিল—বিনা দোষে কারাগারে দোহারের আরেক আলমাছ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলো আদালতের নজরে আসার পর বিষয়টি গুরুত্ব পায় বলে মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অবশেষে হাইকোর্টের নির্দেশে মুক্তি পাওয়ায় আলমাসের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দিয়েছে।