তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করে নিশ্চিত করেছেন এমিনে এরদোয়ান নিজেই। সেখানে ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি আলোকচিত্র শেয়ার করে তিনি উল্লেখ করেন, আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তুর্কি ফার্স্ট লেডি জানান, সাক্ষাৎকালে জলবায়ু সুবিচার নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য নীতিমালা বাস্তবায়নে যৌথ সহযোগিতার গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। এসব পরিবেশবান্ধব লক্ষ্য সফল করতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও দেশগুলোর মধ্যকার পারস্পরিক অংশীদারত্ব অত্যন্ত অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক ও জলবায়ু বিশেষজ্ঞদের অংশগ্রহণে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বহুমুখী ঝুঁকি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নিয়মিত জলবায়ু অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ওই সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গেই বর্তমানে আন্তালিয়ায় অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান।