বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলার অভিযোগে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে চিকিৎসকের নিজস্ব চেম্বারে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেম্বারে রোগী দেখছিলেন চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস। এ সময় বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। বিষয়টি বেলায়েত হোসেন খান তার ছেলে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালামকে জানান।
অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর ইমরান খান সালাম ৩ থেকে ৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে তারা চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ করেন, গালাগাল করেন এবং তাকে মারধর করেন। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক।
ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম তার চেম্বারে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও মারধর করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহিন জানান, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
এদিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সালামকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।