দ্বিতীয় দফায় দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬২৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর টানা তিন দফা দাম বাড়ানোর পর স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়।

সব মিলিয়ে দ্বিতীয় দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমল ৫ হাজার ৪৮২ টাকা। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।