পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

‎গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশ ও কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতরে আগুন ধরে যায়।

‎তিনি বলেন, এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লিখিত অভিযোগ দিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‎‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।