আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিংয়ের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে অনুসন্ধান শুরুর পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, দুদকের এমন বক্তব্যসংবলিত প্রেস ব্রিফিং কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার ইউসুফ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। পরে আদালতের অবকাশ শেষে পুনরায় শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।

রিটের বিবরণ অনুযায়ী, গত ২ ও ১৩ সেপ্টেম্বর আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান নিয়ে পৃথক দুটি প্রেস ব্রিফিং করে দুদক। এসব ব্রিফিংয়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছিল।

আসিফ মাহমুদের রিটে দাবি করা হয়, অনুসন্ধান চলাকালে এ ধরনের বক্তব্য দেওয়া সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত ব্যক্তির মর্যাদা ও সুনামের অধিকারের পরিপন্থী। পাশাপাশি দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালারও ব্যত্যয় ঘটেছে। এ কারণে ব্রিফিং দুটির বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

গত ২ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ কয়েকটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছিল। তবে পরে দুদকের এক কর্মকর্তা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বক্তব্যটিকে ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন।

অন্যদিকে, ১৩ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ৩৬ জন জেলা প্রশাসক নিয়োগ, এলজিইডির প্রধান প্রকৌশলী নিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র থেকে শত কোটি টাকার কমিশন নেওয়ার অভিযোগ তুলে ধরে দুদক। এ ছাড়া বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের কথাও জানানো হয়েছিল।