ইসরায়েলের জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হলেও এবং অন্তর্বর্তীকালীন প্রধানন্ত্রীর দায়িত্বে থাকলেও বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে ব্যাপক নির্বাহী ক্ষমতা রয়ে গেছে।
ইসরায়েলের নির্বাচন শেষ হওয়ার দুই সপ্তাহ পর দেশটির রাষ্ট্রপতি আইজ্যাক হার্জগ বিরোধীদলীয় নেতা গাডি আইজেনকটকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন। তবে আইজেনকট কিংবা প্রধানমন্ত্রী নেতানিয়াহু—কারও জোটই নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় একষট্টিটি আসন অর্জন করতে না পারায় পরবর্তী প্রশাসন কে গঠন করবে তা এখনো নিশ্চিত নয়।
আইজেনকট যখন জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন, তখন নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। আর আইজেনকট সরকার গঠন করতে ব্যর্থ হলে হার্জগ সরকার গঠনের সম্ভাবনার জন্য নেতানিয়াহুর কাছেও যেতে পারেন।
এই অন্তর্বর্তীকালীন পরিস্থিতি এমন একটি রাজনৈতিক দৃশ্যপট তৈরি করেছে যেখানে বর্তমান প্রশাসকদের জনসমর্থনের স্পষ্ট ম্যান্ডেট না থাকলেও তারা রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছেন।
ইসরায়েলি নাগরিক ও বিশ্লেষক এহাব জব্বারিন আল জাজিরাকে জানান, ‘নেতানিয়াহু সরকার গঠনের অগ্রধিকার হারিয়েছেন, কিন্তু তিনি বর্তমান প্রধানমন্ত্রীর পদ হারাননি। তার ক্ষমতা এখন এই সত্যের ওপর নির্ভর করে যে তার বিরোধীদের তাকে সরানোর জন্য একটি চুক্তির প্রয়োজন—এবং তাদের নিজেদের মধ্যকার মতপার্থক্যই তার বর্তমান রাজনৈতিক টিকে থাকার কারণ।’
জব্বারিন আরও ব্যাখ্যা করেন, এই সময়ের মধ্যে ইসরায়েল একটি সাংবিধানিক প্যারাডক্সের মধ্যে রয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর কোনো জনপ্রিয় ম্যান্ডেট নেই।
ইসরায়েলের একক কোনো সংবিধান নেই, তবে এটি মৌলিক আইন নামক কতগুলো ভিত্তিগত আইনি নীতির ওপর নির্ভর করে।
ইসরায়েলের মৌলিক আইন সরকারের ত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন কোনো সরকার শপথ না নেওয়া পর্যন্ত পূর্ববর্তী প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যায়।
জব্বারিন বলেন, ‘ফলস্বরূপ, সরকারের ধারাবাহিকতার নীতি অনুসারে নেসেটের আস্থা অর্জন না করা পর্যন্ত নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু ও তার সরকার কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এই সময়ে সরকার রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের ক্ষমতা বজায় রাখে, তবে এর ব্যবহার সংযম ও দায়িত্বের অধীন।’
নেতানিয়াহুর অন্তর্বর্তীকালীন অবস্থাকে ঘিরে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো সামরিক বাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ।
তিনি নতুন নিয়োগ ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। তবে তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয় কারণ তার আইনি ক্ষমতা থাকলেও প্রয়োজনীয় ‘বৈধতা’ হয়তো আর নেই।
যদিও নেতানিয়াহু নির্বাহী বিভাগের নেতৃত্ব দেন, তবে সরকার সংক্রান্ত মৌলিক আইনের চল্লিশ অনুচ্ছেদ তার মন্ত্রিসভাকে ভোট সাপেক্ষে নতুন যুদ্ধ শুরু করার অনুমোদন দেয়। তিনি নিজে থেকে এককভাবে কোনো নতুন সংঘাত শুরু করতে পারবেন না।
তবে নেতানিয়াহু কৌশলগতভাবে বিদ্যমান সংঘাতগুলোকে কাজে লাগাতে পারেন। জব্বারিন জানান, ‘সবচেয়ে প্রযোজ্য দৃশ্যপট হলো নতুন করে যুদ্ধ শুরু না করা। আমরা বিদ্যমান হুমকিকে উসকে দেওয়া এবং ব্যবহার করার কথা বলছি। আমরা ইরানের কথা বলছি। আমরা লেবাননের কথা বলছি।’
যেহেতু আইজেনকট ও তার মিত্ররা বর্তমান নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য নন, তাই গোয়েন্দা তথ্য কীভাবে উপস্থাপন করা হয় তার ওপর নেতানিয়াহুর একচ্ছত্র প্রভাব রয়েছে।
জব্বারিন ব্যাখ্যা করেন, ‘মন্ত্রীদের সামনে কোন বিষয়টিকে এমন বিপদ হিসেবে তুলে ধরা হবে যা দমন করা সম্ভব? এবং কোনটিকে শেষ সুযোগ হিসেবে উপস্থাপন করা হবে যা বিলম্বিত করা যাবে না? মন্ত্রিসভায় পৌঁছানো তথ্য সম্পর্কে প্রধানমন্ত্রীর এই অতিরিক্ত দায়িত্ব বিকল্পগুলোর উপস্থাপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে।’
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এবং নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকাকালীন এই ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না।
নিরাপত্তা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ থাকলেও নেতানিয়াহুর ঘরোয়া ও আইনি ক্ষমতার ক্ষেত্রে কার্যকরী সীমাবদ্ধতা রয়েছে।
ইসরায়েলি বিষয়ক লেখক ও বিশেষজ্ঞ মাইসারা বাহর আল জাজিরাকে জানান, নেতানিয়াহু যে আর্থিক সিদ্ধান্তগুলো নেন তা পরবর্তী সরকার গঠনকারীকে প্রভাবিত করতে পারে।
বাহর বলেন, ‘নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন যা পরবর্তী সরকারের কাজকে বাধাগ্রস্ত করতে পারে, যাতে তারা অধিকতর ঋণের মুখোমুখি হয়।’
তবে নিজের দীর্ঘদিনের চলমান দুর্নীতির বিচার থেকে রক্ষা পেতে নেতানিয়াহু নতুন কোনো আইন পাস করাতে পারবেন না।
জব্বারিন জানান, নেতানিয়াহু বিরোধী জোটকে বিভক্ত করার জন্য তার বর্তমান প্রধানমন্ত্রীর পদ ব্যবহার করছেন। উদাহরণস্বরূপ, বিশ্লেষক উল্লেখ করেন, নেতানিয়াহু জায়নবাদী ভোটার এবং তাদের প্রতিনিধিত্বকারী দলগুলোর কাছে এটি তুলে ধরে আইজেনকটের জোটকে আরব দলগুলোর ওপর নির্ভরশীল হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন।
বাহর সতর্ক করে বলেছেন, ক্ষমতা ধরে রাখার জন্য নেতানিয়াহু যা কিছু করার প্রয়োজন তাই করবেন এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত করতে তিনি অভ্যন্তরীণ অস্থিরতাকে উসকে দিতে পারেন।
ইসরায়েলের এই রূপান্তর প্রক্রিয়া অন্যান্য সংসদীয় গণতন্ত্রের চেয়ে খুব একটা আলাদা নয়। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্য ও ভারতেও অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীরা নির্বাচনী ম্যান্ডেটপ্রাপ্ত প্রধানমন্ত্রীদের মতো একই আইনি ক্ষমতা ভোগ করেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী যুদ্ধসহ প্রধান নীতিগত সিদ্ধান্তগুলো এড়িয়ে চলার কথা তাদের।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির শপথ গ্রহণ পর্যন্ত আড়াই মাসের কঠোর সময়সীমার মধ্যে কাজ করেন এবং এই মধ্যবর্তী সময়ে রূপান্তর, বাজেট ও নিয়োগের ক্ষেত্রে তীব্র কংগ্রেসীয় তদারকির মুখোমুখি হন।
সূত্র: আল জাজিরা