বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রথমে দলটির নাম ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলের এক পর্যায়ে ১৯৭৬ সালে সামরিক আইন জারি করে ক্ষমতায় এসেছিলেন জিয়াউর রহমান। প্রধান সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায়ই বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি।
এর আগে ১৯৭৭ সালে জিয়াউর রহমান তার শাসন বেসামরিকরণ করার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং রাষ্ট্রপতি নির্বাচন করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগদল বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠা করেন।
১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু করেন জিয়াউর রহমান। সেই সঙ্গে সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে ১৮ জন সদস্যের নাম ঘোষণা করেন। পরে ৯ সেপ্টেম্বর ১৮ সদস্যসহ ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। মূলত এটি ছিল বিএনপির প্রথম কমিটি। প্রতিষ্ঠাকালীন দলটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ডান, বাম ও মধ্যপন্থিদের সমন্বয়।
বিএনপির প্রয়াত জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের মতে, দলটি মূলত শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ, যাদু মিয়ার চীনপন্থি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ক্যাপ্টেন হালিম চৌধুরীর ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি), মওলানা মতিনের লেবার পার্টি, তফসিলি ফেডারেশন, জাগদল, বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন দলের সঙ্গে সম্পর্কহীন বা দলছুট রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়েছিল।