মৌলভীবাজারের জুড়ীতে এক নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।
নারী কনস্টেবলের স্বামী জানান, মঙ্গলবার রাতে ডিউটি শেষে তার স্ত্রী হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তার মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কাছেই একটি মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিলেন। তার স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার স্ত্রীর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাস্থলের কাছে স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি জানান, চিৎকার শুনে স্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় তারা ওই নারী কনস্টেবলকে চিনতে পারেন। পরে থানার অন্য কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন।
জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল অন্ধকার ছিল। ওই স্থানের আশপাশে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা দেখেছেন। একটি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেন। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।