গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) অধিদপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। হিসাবটি বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯০ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ২ জন করে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১১৩ শিশুর। এ নিয়ে চলতি বছর ২৪ হাজার ৭২৩ জনের হাম শনাক্ত হয়েছে।
আর নতুন করে এক হাজার ৩৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ৪২ হাজার ৯০৭ জন।