দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ নিজেই উদ্ধারের কবলে! ক্রেন ভেঙে ক্ষতিগ্রস্ত আরও ২ জাহাজ

বরিশালে কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ নির্ভীক-এর ক্রেন বিকট শব্দে ভেঙে পড়েছে। এসময় সামনে থাকা অপর দুটি জাহাজের ওপর পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জাহাজটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ নভেম্বর) নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সাপ্তাহিক মহড়ার অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজটির ক্রেন বুম চালু করে পরীক্ষা করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে ক্রেনের সামনের অংশ ভেঙে সামনে থাকা দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে। এতে ওই জাহাজ দুটিও ক্ষতিগ্রস্ত হয়।

উদ্ধারকারী জাহাজ নির্ভীকের যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাকি জানান, সকালে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জাহাজটির ইঞ্জিন চালু করা হয়েছিল। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিকট শব্দে ক্রেন বুমটি ভেঙে অন্য জাহাজের ওপর পড়ে।

তিনি আরও জানান, ভেঙে পড়া ক্রেনের অংশ উদ্ধারে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। এ জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় বরিশালের উদ্দেশে রওনা দিয়েছে।

তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর বরিশাল ড্রেজার বেইজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুর রহমান।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে ক্রেনটি ভেঙে পড়ে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি পন্টুন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি বলেন, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, ২০১৩ সালে ১৭৮ কোটি টাকা ব্যয়ে দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ নির্ভীক কেনা হয়। একই বছর জাহাজটি বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। ২৫০ টন ধারণক্ষমতাসম্পন্ন জাহাজটি বড় ধরনের নৌদুর্ঘটনায় ডুবন্ত নৌযান উদ্ধারে ব্যবহৃত হয়। কেনার পর থেকে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বেশ কয়েকটি বড় নৌদুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছে জাহাজটি।