ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী

কেবল মুখস্থবিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়। প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের প্রদীপ জ্বালায়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের ‘নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এই ভিশন হলো দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে। চাকরি ও আর্থিক উপার্জনের জন্য আমাদের ডিগ্রির প্রয়োজন রয়েছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদটা হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ভালো। তবে তা স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পর সেই ইগো হালকা করে নিজেকে ‘সেলফ-রেসপেক্ট’ বা আত্মসম্মানের দিকে নিয়ে যেতে হবে।

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী থাকাকালে নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সেই সময়ের স্মৃতি এখনও আমার মনে আছে। সময়ের পরিবর্তন হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে পাঠদানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন শিক্ষা গ্রহণে আনন্দবোধ করে, শিক্ষকদের সেভাবে পাঠদান করতে হবে এবং ক্লাসের প্রতি আকৃষ্ট হয়। 

দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।