চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন গ্রেপ্তার

চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১১ নভেম্বর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, লিটন তালিকাভুক্ত চাঁদাবাজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, সম্প্রতি ঢাকা শহরে সক্রিয় ৫৪৫ জন চাঁদাবাজের একটি তালিকা তৈরি করেছে সরকার। তাদের গ্রেপ্তারের নির্দেশনাসহ তালিকাটি ডিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই তালিকায় লিটন মাহমুদের নামও রয়েছে বলে জানিয়েছে ডিবি সূত্র।