বিগত ১৫ বছরে সারাদেশে ৪ লাখ ৯৪ হাজার ৮৬৯টি পরিবারকে ১ লাখ ২২ হাজার ৫৪৪ দশমিক ৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। ২০১১-২০১২ অর্থবছর থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত এসব জমি বন্দোবস্ত দেওয়া হয় বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
লিখিত প্রশ্নে নিলোফার চৌধুরী মনি জানতে চান, বিগত ১৫ বছরে সারাদেশে কতজন ভূমিহীনকে কী পরিমাণ খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জমির পরিমাণসহ উপজেলা অনুযায়ী ভূমিহীনদের নাম ও ঠিকানা এবং কী কী শর্তে এসব জমি বরাদ্দ দেওয়া হয়েছে, সে তথ্যও জানতে চান তিনি।
জবাবে ভূমিমন্ত্রী আরও জানান, কৃষি খাসজমি বন্দোবস্তের এসব তথ্য জেলা ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত রয়েছে। কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ অনুযায়ী জমি বন্দোবস্তের সব কার্যক্রম জেলা প্রশাসকরা সম্পন্ন করে থাকেন।