কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন বাপ্পারাজ। অভিষেকের পরই দুর্বার গতিতে ছুটে চলে তার অভিনয় জীবন। একে একে উপহার দেন ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ কিংবা ‘প্রেমের সমাধি’র মতো আলোচিত সব চলচ্চিত্র। এ ছাড়া ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ সিনেমাগুলোতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়।
এ ছিল বাপ্পারাজের নিজ যোগ্যতায় এগিয়ে যাওয়া। নায়করাজ রাজ্জাকের ছেলে হিসেবে নয়, নিজের অভিনয়গুণে নিজেকে ঢালিউডে প্রতিষ্ঠিত করেন তিনি। তবে তার প্রেম ও বিয়ে ছিল যেন ঠিক কোনো সিনেমার গল্পের মতোই। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই জানান বাপ্পারাজ।
ভালোবাসার মানুষটিকে নিজের করে চেয়েছিলেন এ অভিনেতা। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল তার পরিবার। তবু ভালোবাসার কাছে হার মানতে চাননি বাপ্পারাজ। একটা সময় ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর দুজন আশ্রয় নেন প্রয়াত সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। এমন কথাই জানালেন ‘চাচা হেনা কোথায়’ খ্যাত ব্যর্থপ্রেমিক অভিনেতা বাপ্পারাজ।
অভিনেতা বলেন, ‘সোহেল ও দিতির বাসায় কাজী ডেকে এনে বিয়ে করি। তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।’
উল্লেখ্য, নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ বাবার পরিচয়ে পরিচিত নন। নিজের যোগ্যতা দিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত। বর্তমানে এ অভিনেতা দুই সন্তানের বাবা। তার দুই মেয়েই বিবাহিত। তাই কারও সিনেমায় অভিনয়ে আসার সুযোগ নেই।