ঢাকা-পাবনা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তনগর ট্রেন পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে। আগামী ১৯ নভেম্বর ট্রেন দুটির উদ্বোধন উপলক্ষে প্রথম দফায় ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হবে।
বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে অনলাইনে তিন দিনের যাত্রার টিকিট পাওয়া যাবে। এরপর থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি যাত্রার ১০ দিন আগে অনলাইনে টিকিট বিক্রি করা হবে।
তবে ১৯ নভেম্বর উদ্বোধনী দিনে পাবনা থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। ওই ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী যাত্রায় পাবনা ও ঢাকার মধ্যে শুধু ঈশ্বরদী স্টেশনে ট্রেনটি থামবে।
বাণিজ্যিকভাবে ট্রেন দুটির চলাচল শুরু হবে ২০ নভেম্বর থেকে। ওই দিন পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বেলা ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।