এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)।
জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–সংক্রান্ত উপকমিটির সভায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদনের সুযোগ পাবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা সাত দিন পর্যন্ত আবেদন করার সময় পাবেন। এর আগে সিদ্ধান্ত হয়েছিল, আগামী বছরের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি। এরপর ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বুধবার (১১নভেম্বর) বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারীরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। তিনি বলেন, এই পরীক্ষার্থীরা এসএসসি ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। পরে যদি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর যোগ্য না হলে পারবেন না।
প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হবে। ফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্য বা তাঁদের প্রতিনিধিদের সঙ্গে সভা হয়। সভায় আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু করার সিদ্ধান্ত হয়। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইউজিসির ওই সভার পর কোনো কোনো বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে সময়সূচিতে পরিবর্তন আনছে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে।