টিআইবির সংবাদ বিজ্ঞপ্তি ‘অসত্য-বিভ্রান্তিকর’: স্থানীয় সরকার মন্ত্রণালয়

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার অপচেষ্টা হিসেবে উল্লেখ করাকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ বোরহান উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী তার আনুষ্ঠানিক বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের গুণগত মান নিশ্চিত করে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দিয়েছেন। পাশাপাশি সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) এবং সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য উপেক্ষা করে তার সঙ্গে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের অনানুষ্ঠানিক আলাপচারিতার কিছু বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে বক্তব্যটিকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতার সঙ্গে তুলনা করা অনভিপ্রেত এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সরকার স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে বৈধ প্রক্রিয়ার বাইরে কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি প্রতিরোধে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সরকারি কাজে দুর্নীতি দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, মঙ্গলবার এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এই বক্তব্যের মাধ্যমে প্রতিমন্ত্রী ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন কিনা, এমন প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানোর দায়িত্ব যাদের, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত সুবিধা নেওয়ার পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে জানাতে হবে।’

টিআইবির সংবাদ বিজ্ঞপ্তির পর একে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে পাল্টা বিজ্ঞপ্তি দিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।