চলমান সাফে খাবারের সেট মেন্যু নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় কোচ নওশাদ মুসা। আমাদের একটি নির্দিষ্ট মেন্যু দেওয়া হচ্ছে যা মানা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জিতে এ প্রশ্ন তোলেন ভারতীয় দলের কোচ। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে সাফ খেলতে আসা দেশটি গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
টুর্নামেন্টে আতিথেয়তা নিয়ে ভারতের কোচ নওশাদ মুসা বলেন, ‘আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। একমাত্র যে সমস্যা, সেটা হচ্ছে খাবার। একজন আয়োজক হিসেবে আপনি চাপিয়ে দিতে পারেন না যে এটাই খেতে হবে। আমাদের একটি নির্দিষ্ট মেন্যু দেওয়া হচ্ছে যা মানা সম্ভব নয়।’
ভারতীয় কোচ অভিযোগ করে বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর খেলোয়াড়দের পুষ্টিকর ভালো খাবার প্রয়োজন হয়। ম্যাচের দিনে তারা খুব বেশি খায় না, তাই ম্যাচের পর ভালো ডায়েট দরকার। কিন্তু গিয়ে দেখা যায় প্রতিদিন একই খাবার দেওয়া হচ্ছে।’
মালদ্বীপ দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। মালদ্বীপের কোচ খাবার ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সরাসরি অভিযোগ করেননি। তবে নিজ দেশের উদাহরণ দিয়ে সমস্যা বুঝিয়ে দিয়েছেন, ‘এই বিষয়ে ম্যানেজার, ডাক্তার, পুষ্টিবিদ ভালো বলতে পারেন। সাম্প্রতিক সময়ে মালদ্বীপে গোল্ডেন জুবিলি টুর্নামেন্ট ও সাফ অ-২০ টুর্নামেন্ট হয়েছে। সেখানে যে মানের খাবার ও পরিমাণ ছিল তার চেয়ে এখানে অনেকটা কম, এটা বলা যায়।’