বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় চার নির্বাচন কমিশনারও অংশ নেবেন। বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত কার্যক্রম।
ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুসারে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।
পরিকল্পনায় সদর উপজেলা ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১৬ নভেম্বর কমিশনের বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে।