জাতীয়করণ হচ্ছে ঢাকা-খুলনা বিভাগের ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কয়েকটি প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয়করণ হওয়া এবং সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় রয়েছে ঢাকা ও খুলনা বিভাগের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ঢাকা বিভাগের ২১টি এবং খুলনা বিভাগের ৯টি প্রতিষ্ঠান রয়েছে।

অন্তর্বর্তী সরকারের শেষ সময় থেকে শুরু করে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এসব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাতীয়করণ হওয়া এবং সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় থাকা ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

ঢাকা বিভাগের ২১ শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা বিভাগের নয় জেলার ২১টি প্রতিষ্ঠান রয়েছে তালিকায়। এর মধ্যে ঢাকা, গাজীপুর ও মাদারীপুরের চারটি করে, ফরিদপুরের তিনটি, গোপালগঞ্জের দুটি এবং নরসিংদী, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।

ঢাকা জেলার চারটি প্রতিষ্ঠান হলো- রাজধানীর কলাবাগানের মেহেরুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট।

গাজীপুরের চারটি প্রতিষ্ঠান হলো- কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দনার চান্দনা স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীপুরের কাওরাইদ আলী নারায়ণ উচ্চ বিদ্যালয়।

মাদারীপুরের চারটি প্রতিষ্ঠান হলো- সদরের চরমুগরীয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয় ও চরমুগরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাজৈরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ সরদা সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

ফরিদপুরের তিনটি প্রতিষ্ঠান হলো- নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় এবং সদরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়।

গোপালগঞ্জের দুটি প্রতিষ্ঠান হলো- কোটালীপাড়ার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও মুকসুদপুরের বাটিকামারী উচ্চ বিদ্যালয়।

এছাড়া রাজবাড়ীর পাংশার হাবাসপুর কাশীমবাজার রাজ উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের হরিরামপুরের ঝিকটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জের লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং নরসিংদীর শিবপুরের লাখপুর শিমুলীয়া উচ্চ বিদ্যালয় রয়েছে তালিকায়।

খুলনা বিভাগের ৯ শিক্ষাপ্রতিষ্ঠান

খুলনা বিভাগের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে খুলনা জেলার চারটি, ঝিনাইদহের দুটি এবং মাগুরা, কুষ্টিয়া ও বাগেরহাটের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।

খুলনার চারটি প্রতিষ্ঠান হলো- সদরের শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং দিঘলিয়ার গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়।

ঝিনাইদহের দুটি প্রতিষ্ঠান হলো- সদরের কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ ও ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া মাগুরার মহম্মদপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার কুমারখালীর এম এন (মথুরা নাথ) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং বাগেরহাটের রামপালের পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় রয়েছে জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায়।

তবে তালিকায় থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এমন নয়। বেশিরভাগ প্রতিষ্ঠানের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এখনো বাকি রয়েছে।