তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের যৌথ আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া এক বর্ণাঢ্য রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নৈশভোজ চলাকালে তারা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে উষ্ণ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে এ বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রনায়ক ও প্রতিনিধিদলের সম্মানে তুর্কি প্রেসিডেন্সির পক্ষ থেকে এ সম্মাননা ভোজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকালে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অধিবেশন ও সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি তিনি লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।
জাতিসংঘের এই উচ্চপর্যায়ের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। সফরকালে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন এবং চীনের ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।