স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য ৯৫ শতাংশ সঠিক হলেও তিনি ৫ শতাংশ ভুল করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। উপহার হিসেবে নিলেও ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক উল্লেখ করে তিনি জানান, সরকার বা দল এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন।
পোস্টে তিনি লেখেন, “স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।”
তিনি আরও উল্লেখ করেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটা তার ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সরকার এটিকে সমর্থন করে না। তাই মিডিয়ায় বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।”
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহেে আলম মন্তব্য করেন, ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের পর্যায়ে পড়ে না।
অনুষ্ঠানে নবীন প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহেে আলম বলেছিলেন, “ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। কিন্তু কাজের গুণগতমান খারাপ করে ১০ লাখ টাকা সাশ্রয় করে আপনার ৫ লাখ আমার ৫ লাখ... এই জায়গাগুলোতে যাওয়া যাবে না।”
এলজিইডির অধীনে বর্তমানে চলমান ও পাইপলাইনে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে কোনো শিথিলতা বা কাজের গুণগত মানে আপস না করার নির্দেশনা দিয়ে তিনি নবীন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তবে ঠিকাদারের দেওয়া ‘উপহার’ সংক্রান্ত তার মন্তব্যের পর বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দেয়, যার প্রেক্ষিতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মূল্যায়ন তুলে ধরলেন ইশরাক হোসেন।