বাংলাদেশের দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন

ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার

রাজধানীর বস্তিতে বসবাসকারী ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যে ভুগছে। অর্থাৎ এখানে প্রতি ১০টি পরিবারের ৯টি দরিদ্র। আবাসন, পানি, স্যানিটেশন, স্বাস্থ্য ও শিক্ষার মতো প্রায় সব সূচকে বস্তির মানুষ গভীর সংকটের মধ্যে রয়েছে। এছাড়া বস্তির অর্ধেকের বেশি মানুষ সার্বক্ষণিক উচ্ছেদের আতঙ্কে থাকে।

‘বাংলাদেশ পভার্টি ওয়াচ রিপোর্ট ২০২৫'- বা বাংলাদেশে দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (ইনএম) ও সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগের (সিআইডিডি) যৌথভাবে এই জরিপ পরিচালন করে।

এতে গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে রাজধানীর ৭টি বস্তির ২১০ পরিবারের তথ্য নেওয়া হয়। তথ্যের সঙ্গে দলীয় আলোচনা ও জীবনকাহিনির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, সিআইডিডির চেয়ারম্যান ও আইএনএমের ব্যবস্থাপনা পরিচালক ড. মুস্তফা কে মুজেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমএম আকাশ ও সালমা আক্তার। আইএনএমের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

জরিপ প্রতিবেদন বলছে, বস্তির আকার যত ছোট, দারিদ্র্য ও বঞ্চনার মাত্রা তত তীব্র । বড় বস্তিতে যেখানে ৭৫ শতাংশ পরিবার দরিদ্র। মাঝারি বস্তিতে তা ৯৪ দশমিক ৪ শতাংশ। ছোট বস্তিতে এ হার ৯৫ শতাংশ। অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকেও ছোট বস্তির অধিবাসীরা ব্যাপক বৈষম্যের শিকার। ছোট বস্তির পরিবারগুলো মাসে বড় বস্তির চেয়ে গড়ে ৫ হাজার ৪০০ টাকা কম আয় করে। ছোট বস্তির ৯০ শতাংশ পরিবার সনদধারী ডাক্তারের সেবা পায় না এবং ৮০ শতাংশ পরিবারে স্যানিটারি ল্যাট্রিন নেই। তাছাড়া, ৮০ শতাংশের বেশি পরিবার মাত্র ৬০ থেকে ১২০ বর্গফুটের এক কক্ষের ঘরে বাস করে, যেখানে আয়ের ২৫ থেকে ৪০ শতাংশ চলে যায় ভাড়ায়। বড় বস্তির ৭৮ শতাংশ নিচু এলাকায় হওয়ায় বন্যা ও জলাবদ্ধতা তাদের নিত্যসঙ্গী। জরিপ বলছে, বস্তির দারিদ্র্য কেবল আয়ের নয়, এটি আবাসন, পানি, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার সম্মিলিত বঞ্চনা। জরিপে গড় মাসিক আয় ১৬ হাজার ৯০০ টাকা, ব্যয় ১৩ হাজার ৬০০ টাকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বস্তি গড়ে ওঠা নীতিগত ব্যর্থতার ফল। বস্তির অর্ধেকের বেশি মানুষ সার্বক্ষণিক উচ্ছেদের আতঙ্কে থাকেন। ভূমিস্বত্ব না থাকায় ঘরের স্থায়িত্বে কেউ বিনিয়োগ করেন না, অথচ উচ্ছেদে পানি-বিদ্যুৎ সরবরাহ ভেঙে যায় এবং প্রতিবেশীদের সহায়তার নেটওয়ার্ক ছিন্ন হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সম্পূর্ণ বেআইনি ।
"প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, বলপূর্বক উচ্ছেদ না করে বস্তিতেই সড়ক, পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে। পাশাপাশি বস্তিবাসীর নিজস্ব সংগঠনের নেতৃত্ব, ধাপে ধাপে ভূমিস্বত্বের স্বীকৃতি, স্বল্প ভাড়ার আবাসন এবং বন্যা- সহনশীল অবকাঠামো নির্মাণের তাগিদ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সক্ষমতা বাড়িয়ে ছোট ও মাঝারি বস্তিগুলোকে অগ্রাধিকার দিয়ে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে ।